তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল বাইক
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩০, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় তদন্তের নতুন সূত্র পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সংস্থাটি। মোটরসাইকেলটি তাহসিফের ব্যবহৃত কি না, তা যাচাই করা হচ্ছে।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে। পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের খুব কাছ থেকেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে বাসা থেকে বের হন তাহসিফ। পরে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দীপকে বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাঁকে সঙ্গে নিয়ে রাতভর বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়।

মোস্তফা কামাল জানান, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করছে না তদন্তকারী সংস্থা।

মোটরসাইকেলটির মালিকানা নিশ্চিত হওয়া এবং তদন্তে পাওয়া তথ্য যাচাইয়ের পর তাহসিফের নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় আরও তথ্য সামনে আসতে পারে।