৪২ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, বড় ধাক্কা এনবিআরে
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

৪২ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, তিন মাসেই বড় ধাক্কা এনবিআরে

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩০, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

জনবার্তা ডেস্ক

চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে বড় ঘাটতি তৈরি হয়েছে। এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা কম আদায় হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৩১ শতাংশ।

প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। রাজস্ব আদায়ের এই পরিস্থিতির কারণে গত তিন মাসে এনবিআর এ-সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক তথ্যও প্রকাশ করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাজস্ব আদায়ের প্রধান তিন খাত—মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর ও আমদানি-রপ্তানি শুল্ক—কোনোটিতেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে ভ্যাট আদায়ে। মোট ঘাটতির প্রায় ৪৮ শতাংশই এ খাতে।

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৯ হাজার ৪০৫ কোটি টাকা। আদায় হয়েছে ২৯ হাজার ৩৪৮ কোটি টাকা। ফলে এ খাতে ঘাটতি দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ভ্যাট আদায় হয়েছিল প্রায় ৩৫ হাজার কোটি টাকা।

আয়কর ও ভ্রমণ কর খাতে লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৭২৬ কোটি টাকা। আদায় হয়েছে ৩৩ হাজার ৪০ কোটি টাকা। এ খাতে ঘাটতি ৯ হাজার ৬৮৬ কোটি টাকা।

অন্যদিকে, আমদানি-রপ্তানি শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ২৬৫ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৩০ হাজার ১২৯ কোটি টাকা। ফলে এ খাতে ঘাটতি দাঁড়িয়েছে ১২ হাজার ১৩৬ কোটি টাকা।

রাজস্ব আদায়ের ধীরগতির কারণ ব্যাখ্যা করে এনবিআরের সাবেক সদস্য মো. আবদুর রউফ বলেন, তিন মাস পরপর ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম চালু করায় আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক ব্যবসায়ী নিয়মিত রিটার্ন দাখিল না করায় ভ্যাট আদায়ে ঘাটতি বেড়েছে। পাশাপাশি দেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্যে স্থবিরতাও রাজস্ব আদায়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।

এনবিআরের একজন কর্মকর্তা জানিয়েছেন, মাসিক ভ্যাট রিটার্ন দাখিলের বিধান পুনরায় চালু হওয়ায় রাজস্ব আদায়ের পরিস্থিতির উন্নতি হতে পারে।

এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ রাজস্ব আদায়ে ঘাটতির পেছনে তিনটি কারণ উল্লেখ করেছেন। তাঁর মতে, অর্থনীতির ধীরগতি, বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং এনবিআরের প্রশাসনিক স্থবিরতা এ পরিস্থিতির জন্য দায়ী।

এদিকে, রাজস্ব আদায় বাড়াতে গত বৃহস্পতিবার এক সভায় এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব কর্মকর্তাদের কর আদায় কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন।

তবে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় সামান্য বেড়েছে। ২০২৫–২৬ অর্থবছরের প্রথম তিন মাসে আদায় হয়েছিল ৯১ হাজার ৩৯০ কোটি টাকা। চলতি অর্থবছরের একই সময়ে আদায় বেড়ে হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরে রাজস্ব আদায় বেড়েছে ১ হাজার ১২৭ কোটি টাকা বা ১ দশমিক ২৩ শতাংশ।