বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৩, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি)। শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

আইআরজিসির ভাষ্য, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিকের হামলার জবাবে পাল্টা পদক্ষেপের দাবি

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের প্রতিবেদনে আইআরজিসির দাবি, হামলায় রাডার স্থাপনাটি ধ্বংস হয়েছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালিতে কথিত উসকানিমূলক তৎপরতা ও তেল চোরাচালান বন্ধ না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্র ও বাহরাইনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি

রয়টার্স জানিয়েছে, উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি গত সেপ্টেম্বরের শুরুর পর এটিই প্রথম। তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ফলে দেশটিতে মার্কিন সামরিক স্থাপনা ঘিরে এমন দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে সাময়িক বিরতি

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। পরে তা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

এ ছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করার উদ্যোগ নেয় তেহরান। অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও পরিস্থিতি নাজুক রয়েছে। নতুন এই হামলার দাবি সেই উত্তেজনা আবার বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।