প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ভল্টে ফেসলক চালু করল পিএসসি
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ভল্টে ফেসলক চালু করল পিএসসি

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১০, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রশ্ন প্রণয়ন, মুদ্রণ ও সংরক্ষণের পুরো প্রক্রিয়ায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রশ্ন সুরক্ষায় চালু করা হয়েছে আধুনিক ফেসলক প্রযুক্তি। পাশাপাশি পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে প্রশ্ন ছাপার ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এসব পদক্ষেপের কথা জানান।

নিজস্ব প্রেসে ছাপা হচ্ছে প্রশ্ন

সংসদে জানানো হয়, অতীতে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেস বা আর্মি প্রিন্টিং প্রেসে ছাপা হতো। বর্তমানে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসেই প্রশ্নপত্র মুদ্রণ করা হচ্ছে।

প্রশ্ন মুদ্রণের কাজে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের কাজ শুরু থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রেসের ভেতরে অবস্থান করতে হয়। এ সময়ে তাদের কাছে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখার অনুমতি নেই।

পুরো মুদ্রণ কার্যক্রম পিএসসি চেয়ারম্যান নিজে তদারকি করেন বলে সংসদে জানানো হয়।

ভল্টে ফেসলক প্রযুক্তি

প্রশ্নপত্রের নিরাপত্তা বাড়াতে বিসিএস পরীক্ষার ভল্টরুমও আধুনিকায়ন করা হয়েছে। সাধারণের প্রবেশ সেখানে সম্পূর্ণ নিষিদ্ধ।

শুধু পিএসসির বিজ্ঞ সদস্য ও মনোনীত কর্মকর্তাদের ফেসলক প্রযুক্তির মাধ্যমে ভল্টে প্রবেশের অনুমতি রয়েছে। এছাড়া প্রশ্নপত্র সংরক্ষিত ভল্টরুমের নিরাপত্তায় সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।

প্রশ্ন প্রণয়নেও কড়াকড়ি

প্রশ্ন তৈরির প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে। আগে প্রশ্নকর্তারা বাসায় বসে প্রশ্ন তৈরি করতে পারলেও এখন পিএসসির গোপনীয় কক্ষে বসে প্রশ্ন প্রণয়ন করতে হয়।

সেখানে সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকে। প্রশ্ন তৈরি হওয়ার পর তা সিলগালা করে সরাসরি বিজ্ঞ সদস্যের কাছে জমা দেওয়া হয়। এরপর একই দিন প্রশ্নপত্র ভল্টে সংরক্ষণ করা হয়।

বাসায় নেওয়া যাচ্ছে না লিখিত পরীক্ষার খাতা

লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নেও নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। সার্কুলার পদ্ধতিতে মূল্যায়নের ফলে পরীক্ষকরা এখন আর উত্তরপত্র বাসায় নিতে পারছেন না।

পিএসসিতে এসে টিমের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করতে হচ্ছে পরীক্ষকদের। এতে মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নজরদারি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত স্বয়ংক্রিয় ব্যবস্থা

সংসদে জানানো হয়, নিয়োগ পরীক্ষার আবেদন গ্রহণ থেকে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত কার্যক্রম স্বয়ংক্রিয় করা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র ওএমআর মেশিনে মূল্যায়ন করা হচ্ছে।

এর ফলে উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের সুযোগ কমানো সম্ভব হয়েছে বলে জানানো হয়।

ভাইভা বোর্ড গঠনে নতুন নিয়ম

মৌখিক পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতেও নতুন নিয়ম চালু করেছে পিএসসি। পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে নির্ধারণ করা হয় কোন পরীক্ষার্থী কোন বোর্ডে পরীক্ষা দেবেন।

একই সময়ে কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে দায়িত্ব পালন করবেন, সেটিও চূড়ান্ত করা হয়। এর মাধ্যমে আগে থেকে বোর্ড বা পরীক্ষার্থী নির্ধারণ করে অনিয়মের সুযোগ কমানোর ব্যবস্থা করা হয়েছে।

পিএসসি জানিয়েছে, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত এবং পরীক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রম ও প্রত্যাশার সুরক্ষায় এসব নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।