সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সত্যতা সম্পর্কে তাঁর কাছে নিশ্চিত কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছেন এবং টেলিভিশনের স্ক্রলেও দেখেছেন। তবে শেখ হাসিনার নামে করা আবেদনের সত্যতা সম্পর্কে তিনি নিশ্চিত নন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দণ্ডিত আসামি অন্য দেশে আশ্রয় নিলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত আনার বিধান রয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। আইন অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর আইনজীবীদের পক্ষ থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। এতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।
তবে আবেদনটি শেখ হাসিনার অনুমোদিত কি না, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও বিষয়টির সত্যতা সম্পর্কে অনিশ্চয়তার কথা উঠে এসেছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যান। তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।



