শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে মন্তব্য করলেন না পররাষ্ট্র সচিব
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে মন্তব্য করলেন না পররাষ্ট্র সচিব

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৯, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর ও কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এড়িয়ে যান বিষয়টি।

এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার বিষয়টি সরকার অবগত কি না এবং এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না। জবাবে পররাষ্ট্র সচিব বলেন, আজকের ব্রিফিং মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে। এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছে। হাইকমিশনের ভারপ্রাপ্ত প্রধান প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল হওয়ার কথা উল্লেখ করে নতুন নথি দেওয়ার অনুরোধ জানানো হয়।

তবে পরবর্তী সময়ে কূটনৈতিক সূত্রের বরাতে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ইমেইলটি বাংলাদেশ হাইকমিশন পেয়েছে এবং তা পরবর্তী নির্দেশনার জন্য ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু ইমেইলের সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে আইনজীবীদের নিয়োগ বা আবেদন করার অনুমোদনের কোনো প্রমাণপত্র ছিল না বলে সূত্রগুলো জানিয়েছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি। বিষয়টি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় পরীক্ষা করছে। আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী শেখ হাসিনার নতুন নথি চাওয়ার অধিকার রয়েছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে যাচাই শেষে সরকার আনুষ্ঠানিক অবস্থান জানাবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও এদিন বলেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় নেই। তিনি দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার বিষয়টি প্রাধান্য পাবে বলে জানান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১০ নভেম্বর) দুই দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা। দেশটির আনাতালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেওয়াই সফরের মূল উদ্দেশ্য। এ সফর সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছিল।

শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনটি তাঁর দেশে ফেরার পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত। তবে আবেদনটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ বা অনুমোদন করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সরকার।