কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪ | জনবার্তা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

কলাবাগানে চারটি ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ একটি; আটক ৪

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩০, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

জনবার্তা ডেস্ক

রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় চারটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। অন্যদিকে, ওভারব্রিজের পূর্ব পাশের সড়কে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে।

ওসি জানান, পূর্ব পাশের সড়কে তিনটি ককটেল উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া পশ্চিম পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট চারজনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।