জনবার্তা ডেস্ক
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছিল বাজুস। ফলে এক দিনের ব্যবধানে আবারও সমপরিমাণ দাম কমানো হলো।
বাজুস জানিয়েছে, স্বর্ণালংকারের ডিজাইন ও মান অনুযায়ী নির্ধারিত দামের সঙ্গে মজুরি যুক্ত হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১২৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬২ বার দাম বাড়ানো হয়েছে, ৬৬ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।



