উখিয়ায় নলকূপের গ্যাসের আগুন আরও সাত দিন জ্বলতে পারে: বাপেক্স
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় নলকূপ খননের সময় গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে সতর্ক বাপেক্স

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২৮, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়ায় একটি গভীর নলকূপের পাইপলাইন থেকে বের হওয়া গ্যাসের আগুনে আগামী সাত দিন জ্বলতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) বিশেষজ্ঞরা। উপজেলাটির ইনানী ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান ও ব্যবস্থাপক এস এম নাফিফুন আরহাম মঙ্গলবার রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এখনই আগুন নেভানোর উদ্যোগ নেওয়া ঝুঁকিপূর্ণ। তিনি ব্যাখ্যা করেন, জোরপূর্বক আগুন নেভাতে গেলে ভূগর্ভের ভিন্ন কোনো পথ দিয়ে গ্যাস বেরিয়ে নতুন করে আগুনের সূত্রপাত হতে পারে। তাই পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আপাতত আগুনটি এভাবেই জ্বলতে দিয়ে আরো এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।

নিরাপত্তার স্বার্থে আগুনের উৎপত্তিস্থলের চারপাশের ২০০ মিটারের মধ্যে বসবাসরত মানুষদের দ্রুত সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে বাপেক্স। একই সঙ্গে অননুমোদিত ব্যক্তির প্রবেশ ঠেকাতে এলাকাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। এস এম নাফিফুন আরহাম আরও জানান, ঘটনাস্থল থেকে সংগৃহীত গ্যাসের নমুনার ল্যাব পরীক্ষার পরই এর উৎস ও প্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে। তবে আগুনের তীব্রতা ও শিখার ধরন দেখে এখানে গ্যাসের উপস্থিতি থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। এ কারণে আগুনের উৎপত্তিস্থলের চারপাশের দুইশ মিটারের মধ্যে থাকা মানুষ ও ঘরবাড়ি সরিয়ে নেওয়ার পাশাপাশি কাঁটাতারের বেড়া দিয়ে এলাকাটি নিরাপদ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পরীক্ষার ফলাফল পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।’।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন আব্দুল্লাহর বাড়িতে নলকূপ স্থাপনের জন্য খননকাজ চলছিল। প্রায় এক হাজার ফুট খনন করার পর মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড চাপে গ্যাস বেরিয়ে আসতে শুরু করে এবং মুহূর্তেই তা জ্বলে ওঠে। এরপর থেকে অবিরাম আগুন জ্বলছে।

আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করলেও ভূগর্ভ থেকে গ্যাস নির্গমন অব্যাহত থাকায় তাদের প্রচেষ্টা সফল হয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর একটি ফায়ার টিম ঘটনাস্থলে যোগ দেয়।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। বাপেক্সের কারিগরি দলের কার্যক্রম নির্বিঘ্ন করতে সব ধরনের প্রশাসনিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি। তবে এটি নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করতে হবে। পরে নমুনাগুলো ঢাকার পরীক্ষাগারে পাঠানো হবে।