জগন্নাথপুরে সংঘর্ষে নিহত ২, আটক ৪
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, আটক ৪

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২৮, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৪০) মারা যান। এর আগে মঙ্গলবার সংঘর্ষের সময় ঘটনাস্থলেই তাঁর চাচাতো ভাই মতিউর রহমান (৫০) নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গত সোমবার জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে গ্রামের আলমগীর ও আবুল কাশেমের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মতিউর রহমান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত মুজিবুর রহমান ও আতাউর রহমানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমানের মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। আটক ব্যক্তিদের সুনামগঞ্জ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতিও চলছে।

তথ্যসূত্র: পুলিশের বক্তব্য ও স্থানীয় সূত্র।