গুলশান-বনানীতে শুরু ব্র্যাক ব্যাংক-প্রথমা বইমেলা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

গুলশান-বনানীতে শুরু ব্র্যাক ব্যাংক-প্রথমা বইমেলা

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২৮, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর গুলশান ও বনানী এলাকার পাঠকদের বই পড়া ও বই সংগ্রহের সুযোগ করে দিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ব্র্যাক ব্যাংক-প্রথমা বইমেলা। বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বীর উত্তম মীর শওকত সড়কে অবস্থিত ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন, চিফ কমিউনিকেশন অফিসার ইকরাম কবীর এবং প্রথমার প্রতিনিধি মেরিনা ইয়াসমিন।

ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলায় খোলামেলা জায়গায় বইয়ের র‍্যাক ও টেবিল সাজিয়ে মেলার স্টল তৈরি করা হয়েছে। এতে সৃজনশীল সাহিত্য, মুক্তিযুদ্ধ, ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান, গবেষণা, ভ্রমণ ও অনুবাদসহ বিভিন্ন বিষয়ের বই স্থান পেয়েছে। প্রথমা প্রকাশনসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনীর বাংলা ও ইংরেজি ভাষার বই পাওয়া যাচ্ছে মেলায়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলা বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

বইয়ে মিলছে বিশেষ ছাড়

মেলায় প্রথমা প্রকাশনের বইয়ে ২৫ শতাংশ, বিদেশি বইয়ে ৫ শতাংশ এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের কিউআর কোড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত ২ শতাংশ ছাড়ের সুযোগ রয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।

মেলার প্রথম দিনেই ব্যাংকের কর্মীদের মধ্যে বই দেখার ও কেনার আগ্রহ দেখা যায়। কর্মব্যস্ততার মধ্যেই পছন্দের বই দেখার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন অনেকে।

ব্যাংকটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা অনুপমা জামান বলেন, অফিস চলাকালে হাতের কাছে বই দেখার সুযোগ পাওয়া আনন্দদায়ক ও সময়োপযোগী। কর্মদিবস শেষে আলাদা করে বই কিনতে যাওয়ার সময় বের করা অনেকের জন্য কঠিন। এ ধরনের আয়োজন সেই অসুবিধা কমায়।

পাঠকদের কর্মস্থলের কাছেই বই পৌঁছে দেওয়ার এই উদ্যোগ কর্মব্যস্ত মানুষের বই পড়ার আগ্রহ বাড়াতে ভূমিকা রাখতে পারে।