ইরানের ওপর নতুন করে হামলা হলে ভয়াবহ পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরানের জনগণের ক্ষতি করার চেষ্টা করলে দেশটির সশস্ত্র বাহিনী এমন ধ্বংসাত্মক জবাব দেবে, যার তুলনায় ইউরোপের ১০০ বিলিয়ন ইউরোর অতিরিক্ত জ্বালানি ব্যয়ও নগণ্য।
শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি দেন আরাগচি।
পোস্টে তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৫ সালের জুনে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর সময় মের্জ ইসরায়েলের সামরিক অভিযানকে ‘ইউরোপের হয়ে নোংরা কাজ’ বলে মন্তব্য করেছিলেন।
আরাগচি লেখেন, ‘১০০ বিলিয়ন ইউরো কিছুই নয়, আমাদের জনগণের ক্ষতি করার সাহস দেখালে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে বিধ্বংসী আঘাত হানবে, তার তুলনায়।’ পোস্টের শেষাংশে তিনি সতর্ক করে বলেন, ‘লাল রেখা এখন অতীত।’
এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়া সফর শেষে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় গত আট মাসে ইউরোপের ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের অতিরিক্ত ১০০ বিলিয়ন ইউরোর বেশি ব্যয় হয়েছে।
মের্জ বলেন, দ্রুত সংঘাতের অবসান ঘটানো ইউরোপের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে জড়িত। তাঁর মতে, সামরিক উপায়ে এই সংঘাতের সমাধান সম্ভব নয়; কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।
মের্জের এই বক্তব্যের জবাবেই আরাগচি আগের অবস্থানের সমালোচনা করে নতুন হামলার বিরুদ্ধে ইরানের কঠোর সামরিক প্রতিক্রিয়ার বার্তা দেন।



