ফ্যাসিবাদীদের রাজনীতি ও সন্ত্রাসের সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

পতিত ফ্যাসিবাদীদের রাজনীতি ও সন্ত্রাসের সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৩, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

অতীতের ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তিকে বাংলাদেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন—এমন ধারণা যারা করছেন, তাঁরা বাংলাদেশের মানুষকে এখনো চিনতে পারেননি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।

বোমা হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এসব ঘটনায় জড়িত অনেককে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত রয়েছে বলেও দাবি করেন তিনি।

সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা সবাইকে চিনতে হবে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সরকারের কাজ নিয়ে সমালোচনার আহ্বান

সরকারের গত নয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন করে আসাদুজ্জামান বলেন, বর্তমান প্রশাসন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের পথে যায়নি। পুলিশ সদস্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের সংস্কৃতি থেকে বেরিয়ে আসারও চেষ্টা চলছে।

তিনি স্বীকার করেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। সরকারের কর্মকাণ্ডে কোনো নেতিবাচক দিক থাকলে তা গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি। সরকারের ভালো কাজের পাশাপাশি ভুল-ত্রুটিও সংবাদমাধ্যমে প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন।

সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি।

অনুষ্ঠানে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল আলম বকুল। এ ছাড়া সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. কবির হোসেন, সিনিয়র সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক রুবেল পারভেজসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।