মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপস করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মাতারবাড়ী বন্দর নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ নেওয়া হলে তা দেশের মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
ট্রানজিট ও করিডোর নিয়ে প্রশ্ন
অতীতের বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট ও করিডোরসহ বিভিন্ন সুবিধা দেওয়া হলেও দেশ প্রত্যাশিত সুফল পায়নি।
তিনি বলেন, জাপান, চীন কিংবা অন্য যেকোনো বন্ধুরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সরকারের কাছে স্বচ্ছতার দাবি
জামায়াত আমির বলেন, দেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব সরকারের। এ ক্ষেত্রে কোনো ব্যর্থতা বা আপসকামিতা জনগণ প্রত্যাশা করে না।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে সরকারের অবস্থান ও সিদ্ধান্ত জনসমক্ষে পরিষ্কার করার আহ্বানও জানান তিনি।
সূত্র: ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পোস্ট; বক্তব্যের তথ্য প্রকাশ করেছে বাংলা এফএম ও এশিয়ান টিভি।



