লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে খোরশেদ আলম (৫০) নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানা গেছে।
নিহত খোরশেদ আলম ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন দুপুরে মোরশেদ ও মজিদ নামে দুজন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে স্বজনেরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁদের দাবি, ওয়ালিদ নামে এক ব্যক্তি খোরশেদকে গুলি করেন।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ দীর্ঘদিন ধরে খোরশেদকে হুমকি দিয়ে আসছিলেন। তাঁরা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত খোরশেদ আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। অভিযোগের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



