পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২৮, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের পাঁচটি অগ্রাধিকারমূলক খাতে বিনিয়োগের জন্য জাপানি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাতগুলো হলো—অটোমোবাইল উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা, রেল ও লজিস্টিকস এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সদর দপ্তরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম ডায়ালগে মূল বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারত্বে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেট্রো এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন। এতে ১৭টি বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্পের ঘোষণা এবং বিভিন্ন সমঝোতা স্মারক বিনিময়ের বিষয়ও উঠে আসে।

অটোমোবাইল ও জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে গাড়ি উৎপাদনশিল্প গড়ে তোলার ক্ষেত্রে জাপানি প্রতিষ্ঠানগুলোর জন্য সম্ভাবনা রয়েছে। টয়োটা বাংলাদেশে গাড়ি উৎপাদনকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে, যেখানে ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ উদ্যোগে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন তিনি।

জ্বালানি খাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য শক্তিতে জাপানি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়।

বাংলাদেশ-জাপান প্রযুক্তি পার্কের পরিকল্পনা

প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় সহযোগিতা বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকেন্দ্রিক বাংলাদেশ-জাপান প্রযুক্তি পার্ক প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানান।

এ ছাড়া মহাকাশবিজ্ঞান, স্যাটেলাইট প্রকৌশল ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে জাপানি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও বিনিয়োগকারীদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

দ্রুতগতির রেল নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা

দেশের প্রধান শহরগুলোকে যুক্ত করে দ্রুতগতির রেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রস্তাবিত নেটওয়ার্কে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালকে যুক্ত করার বিষয়টি রয়েছে।

এ ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে জাতীয় মহাপরিকল্পনা প্রণয়ন, যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা মূল্যায়ন, রুট নির্বাচন এবং সম্ভাব্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। এ উদ্যোগে জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চান প্রধানমন্ত্রী।

কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণেও বিনিয়োগের আহ্বান

বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে জাপানি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিশেষ করে আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি। অঞ্চলটি জাপানি মানদণ্ড অনুসারে গড়ে তুলতে সুমিতোমো করপোরেশন কাজ করছে।

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির আশ্বাস

প্রধানমন্ত্রী বলেন, জাপানি বিনিয়োগকারীদের নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, উন্নত অবকাঠামো, সহজ শুল্ক ছাড়করণ এবং করব্যবস্থায় পূর্বানুমানযোগ্যতা নিয়ে উদ্বেগ রয়েছে। এসব বিষয়ে সমাধান ও সংস্কারের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।

ফোরামে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও অর্থনৈতিক কর্মপরিকল্পনা তুলে ধরেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিনিয়োগ সহজীকরণে নেওয়া উদ্যোগ ও সংস্কার নিয়ে বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দিতে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ঢাকা ট্রিবিউন ও দ্য ডেইলি স্টার।