ইথিওপিয়ার সংঘাতপূর্ণ ওরোমিয়া অঞ্চলে গত সপ্তাহে দুটি আলাদা হামলায় অন্তত ৬০ জন খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রাণ হারিয়েছেন। ইথিওপিয়ান অর্থোডক্স তেওয়াহেদো চার্চের হোলি সিনড সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তারা জানায়, গত ২০শে অক্টোবর মেরতি ওরেদায় ১৪ জন এবং ২৪শে অক্টোবর শেরকা ওরেদায় ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জনের বেশি মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া হামলায় ২০টিরও বেশি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই সহিংসতার দায় নিয়ে ওরোমিয়া আঞ্চলিক সরকার এবং বিদ্রোহী জোটের মধ্যে তীব্র দোষারোপ চলছে। আঞ্চলিক সরকারের দাবি, ধর্মীয় সংঘাত তৈরির উদ্দেশ্যেই বিদ্রোহী গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে। তবে বিদ্রোহীদের সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে, খোদ আঞ্চলিক সরকারের বাহিনীই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। স্থানীয় পর্যায়ে এর আগেও অর্থোডক্স খ্রিষ্টানদের ওপর হামলার জন্য ওরোমো লিবারেশন আর্মি বা ওএলএ-কে দায়ী করা হয়েছিল, যদিও তারা এ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকারকে ক্ষমতাচ্যুত করতে গত মাসে যে সাতটি সশস্ত্র গোষ্ঠী জোট গঠন করেছিল, তার অন্যতম সদস্য হলো ওএলএ। এ হামলার ধরন বা কারা সরাসরি জড়িত, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো স্পষ্ট নয়। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে চার্চের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে বিদ্রোহী জোটের সঙ্গে যুক্ত একটি সূত্র স্থানীয় দুই বাসিন্দার বরাত দিয়ে দাবি করেছে, ওরোমিয়া আঞ্চলিক সরকারই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।



