কোটা আন্দোলনে বিএনপি জড়িত না, তবে সমর্থন আছে: ফখরুল - জনবার্তা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

কোটা আন্দোলনে বিএনপি জড়িত না, তবে সমর্থন আছে: ফখরুল


জুলাই ১৭, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

সরকারি দলের পক্ষ থেকে চলমান কোটা আন্দোলনে বিএনপির জড়িত থাকার দাবি করা হলেও তা অস্বীকার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা এই আন্দোলনের সঙ্গে জড়িত নই। তবে ছাত্রদের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবিতে আমাদের সমর্থন আছে, থাকবে।

বুধবার (১৭ জুলাই) বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে গায়েবানা জানাজা শেষে সাংবাদিকের এসব কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে বোমা ও লাঠি রেখে অভিযানের নাটক করেছে। শিক্ষার্থীদের এই ন্যায়সঙ্গত আন্দোলন ভিন্নখাতে নিতে অপচেষ্টা চালাচ্ছে সরকার।

ঢাকাসহ দেশের সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তান আমলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন দমন করতে চেষ্টা চালানো হতো।

অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বায়তুল মোকাররম গেট বন্ধ করে গায়েবানা জানাজায় বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নেতাকর্মীদের গেট থেকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের সন্ত্রাসী ও পুলিশের হামলা ও গুলিতে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে রংপুরের আবু সাইদসহ সাতটি তরতাজা প্রাণ গেছে। এই ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা জীবনে কখনো দেখনি। ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। কিন্তু শুধুমাত্র জেদের বশবর্তী হয়ে শিক্ষার্থীদের ওপর এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে সরকার।