জামায়াত ছাড়ার প্রাথমিক সিদ্ধান্তে এনসিপিকে সাধুবাদ জানিয়ে রাশেদে
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত ছাড়ার প্রাথমিক সিদ্ধান্তে এনসিপিকে সাধুবাদ জানালেন রাশেদ খান

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

জামায়াতের সঙ্গে জোট থেকে বেরিয়ে স্বতন্ত্র রাজনীতির পথে হাঁটার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর মতে, স্বতন্ত্রভাবে রাজনীতি করতে পারলে আগামী জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এনসিপির।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টে রাশেদ খান দাবি করেন, এনসিপির কয়েকজন নেতা তাঁকে জানিয়েছেন, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শিগগিরই জামায়াতের সঙ্গে জোট থেকে আলাদা হতে পারে দলটি। এনসিপির সাম্প্রতিক গণবিক্ষোভ কর্মসূচি ও আসিফ মাহমুদের বক্তব্যেও তিনি এর ইঙ্গিত পেয়েছেন বলে উল্লেখ করেন।

রাশেদ খান বলেন, জামায়াতের সঙ্গে জোট গঠনের পর এনসিপির কর্মসূচিতে জনসমাগম কমে গিয়েছিল। তবে দীর্ঘ বিরতির পর শুক্রবারের গণবিক্ষোভে কয়েক হাজার মানুষের উপস্থিতিকে দলটির স্বতন্ত্র রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

নিজের পোস্টে তিনি আরও বলেন, স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ধরে রাখতে পারলে আগামী এক বছরের মধ্যে এনসিপি বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। এমনকি আগামী জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে দলটির।

তবে জামায়াতের সঙ্গে জোটে থেকে সেই লক্ষ্য অর্জন কঠিন বলে মন্তব্য করেন রাশেদ খান। তাঁর দাবি, এনসিপির স্বতন্ত্র রাজনীতির পথে দলটির আটজন সংসদ সদস্য বাধা হয়ে উঠতে পারেন। তাঁরা আগামী নির্বাচনেও জামায়াতের ভোটের ওপর নির্ভর করে জয়ী হতে চাইছেন বলে অভিযোগ করেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, এনসিপির অধিকাংশ নেতাকর্মী স্বতন্ত্র রাজনীতির পক্ষে বলে তিনি মনে করেন। তবে দলটি শেষ পর্যন্ত জোট ছাড়ার প্রাথমিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। একই সঙ্গে এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক পথচলার জন্য শুভকামনা জানান তিনি।