ভরিতে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৯০৫ টাকা বাড়িয়ে ২ লাখ ৯ হাজার ১০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা এতদিন ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা ছিল। এর আগে এত দাম কখনো বাড়েনি।

বুধবার (৮ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৯০৫ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৯ হাজার ১০০ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এ দাম কার্যকর হবে আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি বিক্রি হবে ২ লাখ ৯ হাজার ১০০ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকায়।

সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৯৮১ টাকায়, ২১ ক্যারেট ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৫৬ টাকায়।

এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ছুঁয়েছে নজিরবিহীন উচ্চতা। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা ও আংশিক সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা ঝুঁকছেন নিরাপদ সম্পদে। এর প্রভাবে ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার অতিক্রম করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *