ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের একটি মিম নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে চীনে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এমবাপ্পে ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ক্ষমা চাইলেও চীনে সমালোচনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম লা লিগার সম্প্রচার স্থগিত করেছে এবং কয়েকটি চীনা প্রতিষ্ঠান এমবাপ্পের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে।
বিতর্কের সূত্রপাত ফরাসি পডকাস্ট অনুষ্ঠান ‘দ্য ব্রিজ’-এ দেওয়া এমবাপ্পের একটি সাক্ষাৎকার থেকে। সেখানে নিজের পছন্দের মিম সম্পর্কে বলতে গিয়ে তিনি এমন একটি ছবি নিয়ে মন্তব্য করেন, যেখানে তাঁর মুখ চীনের সাবেক নেতা মাও সে-তুংয়ের ছবির সঙ্গে যুক্ত করা হয়েছিল। এমবাপ্পে ছবির ব্যক্তিকে ‘চীনা স্বৈরশাসক’ হিসেবে উল্লেখ করেন। ভিডিওটি পরে সরিয়ে নেওয়া হয়।
মন্তব্যটি চীনে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। দেশটির পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান দংপেং এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী মেংনিউ ও মিল্কগ্রাউন্ড এমবাপ্পের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বন্ধ করার ঘোষণা দেয়। পাশাপাশি চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তত্ত্বাবধানকারী চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) লা লিগার ম্যাচ সম্প্রচার স্থগিতের সিদ্ধান্ত জানায়।
ক্ষমা চেয়েছেন এমবাপ্পে ও লা লিগা সভাপতি
সমালোচনার মুখে এমবাপ্পে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন। তাঁর ভাষ্য, মন্তব্যটি যথাযথ ছিল না এবং এর ফলে চীন ও বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসকারী চীনা জনগোষ্ঠীর অনেকে আঘাত পেয়েছেন—এটি তিনি বুঝতে পেরেছেন। চীনের জনগণ ও তাদের ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধার কথাও জানান তিনি।
লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসও চীনা জনগণের অনুভূতিতে আঘাত লাগার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, এমবাপ্পের মন্তব্য ব্যক্তিগত হলেও এর প্রভাব নিয়ে লা লিগা কাজ করছে।
রিয়ালের ক্ষমা, তবু বিতর্ক অব্যাহত
বিতর্কের পর বুধবার রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে এমবাপ্পের মন্তব্যের কারণে চীনা জনগণের কাছে ক্ষমা চায়। ক্লাবটি চীনের ইতিহাস ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধার বিষয়টি পুনর্ব্যক্ত করে।
তবে রিয়ালের ক্ষমা চাওয়ার পরও চীনের সম্প্রচারমাধ্যমের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। সিএমজির সংশ্লিষ্ট ক্রীড়া বিভাগের এক মুখপাত্র ক্লাবটির বক্তব্য নিয়ে আপত্তি জানান। তাদের অবস্থান, বিষয়টিকে কেবল ব্যক্তিগত মতপ্রকাশ বা কাউকে অপমান করার ইচ্ছা ছিল না—এমন ব্যাখ্যা দিয়ে এড়িয়ে যাওয়া যায় না।
চীনা সংবাদমাধ্যমের বক্তব্য অনুযায়ী, এমবাপ্পের মন্তব্যের দায় নিয়ে রিয়াল মাদ্রিদকে আরও স্পষ্ট অবস্থান জানাতে হবে। চীনের জনগণের অনুভূতিতে আঘাতকারী আচরণকে হালকাভাবে না নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।
এ ঘটনায় ফুটবল মাঠের বাইরেও এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ ও লা লিগার বাণিজ্যিক স্বার্থে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। চীনের মতো বড় বাজারে সম্প্রচার ও স্পনসরশিপের সম্পর্ক স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: রয়টার্স, এএফপি ও আল জাজিরা।



