কক্সবাজারের পাহাড় ধসে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু – জনবার্তা
ঢাকা, [bangla_day], [english_date] | [bangla_date]
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের পাহাড় ধসে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু


August 18, 2024 2:03 pm
Link Copied!

কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ আগস্ট) সকালে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস।

নিহতরা হলেন— একই এলাকার দুবাই প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০), মেয়ে ময়না আকতার (১২) ও নাতি আবু তোহা (৮)।

স্থানীয়দের বরাত দিয়ে নিহত মমতাজ বেগমের ভাই মো. ফয়সাল বলেন, সকালের দিকে প্রতিবেশীরা সরওয়ারের বাড়ির একাংশ পাহাড়ের ধসে যাওয়া মাটির নিচে পড়ে থাকতে দেখে। তৎক্ষণাৎ এলাকাবাসী ধসে যাওয়া বাড়ির দেওয়াল অপসারণের পর নিহতদের উদ্ধার করে।

ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, ভোর থেকে ভারী বর্ষণ শুরু হয়। এরই জেরে সকালে শিলখালীতে পাহাড়ধসে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার অফিসের দায়িত্বশীল কর্মকর্তা তোফায়েল হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৯৪ মিলিমিটার। আর আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫৬ মিলিমিটার। এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে।